আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা: প্রতিবাদে উত্তাল নোবিপ্রবি ক্যাম্পাস

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও নির্মম হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিচারহীনতার সংস্কৃতির তীব্র সমালোচনা করে তারা দ্রুত তদন্ত, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং নিরাপদ সমাজ গঠনের দাবি জানান।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গোল চত্বরে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিবাদ কর্মসূচিতে শিক্ষার্থীদের কণ্ঠে উচ্চারিত হয় নানা স্লোগান। ‘আছিয়া থেকে রামিসা, কোর্ট-কাচারি সব মিছা’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’ এবং ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’—এসব স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়লেও অধিকাংশ ঘটনার বিচার হচ্ছে না। বিচারহীনতার কারণেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে মন্তব্য করেন তারা। তাদের মতে, অতীতের বহু আলোচিত ঘটনার মতো সাম্প্রতিক রামিসা হত্যাকাণ্ডও একই ধরনের অবহেলা ও বিচারহীনতার প্রতিফলন।
শিক্ষার্থীরা আরও বলেন, গত কয়েক মাসে দেশে শতাধিক ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নারীদের জন্য ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিতের আহ্বানও জানান তারা।
এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন প্রয়োগ এবং শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শুধু প্রতিবাদ নয়, বাস্তব ও কার্যকর আইনি পদক্ষেপের মাধ্যমেই একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেন।



