ইতিহাসের পাতায় আজকের দিন: ১৮ ফেব্রুয়ারি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন ইতিহাসের পাতায় চিরস্থায়ী ছাপ রেখে যায়। এই দিনগুলোতে ঘটে যায় যুগান্তকারী ঘটনা—মানব সভ্যতার অগ্রযাত্রা, বৈজ্ঞানিক আবিষ্কার, বিপ্লব, বা কখনও ব্যথাবিধুর মুহূর্ত।
আজ বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬। ইতিহাসের আখ্যান অনুযায়ী, এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটেছে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের শিক্ষা দেয়, ভাবায় এবং ইতিহাসকে গভীরভাবে বোঝার সুযোগ তৈরি করে।
এই দিনে ১১২৩ সালে সম্রাট ফ্রেডরিক জেরুজালেম দখল করেন। ১৫৩৬ সালে ফ্রান্স ও তুরস্ক বাণিজ্য চুক্তি সম্পন্ন করে। ১৭৮৭ সালে অস্ট্রিয়ার সম্রাট শিশুশ্রম নিষিদ্ধ করেন। ১৮৩৯ সালে ডেট্রয়েট বোট ক্লাব গঠিত হয়। ১৮৬১ সালে ইতালির প্রথম পার্লামেন্ট অধিবেশন শুরু হয়। ১৮৮৫ সালে মার্ক টোয়েনের বিখ্যাত বই এডভেঞ্চার অব হাকলবেরি ফিন প্রকাশিত হয়।
১৮৯৭ সালে শিকাগো ধর্মসভা থেকে স্বামী বিবেকানন্দ এম এস মোম্বাসা জাহাজে রাত্রিযাপন করে কলকাতায় ফেরেন। ১৯০০ সালে বোয়ের যুদ্ধে পারডারবাগে ৪০০ লোকসহ পিয়েত ক্রোনিয়ের ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেন। ১৯১৫ সালে ডুবোজাহাজের মাধ্যমে জার্মানির ব্রিটেন অবরোধ শুরু হয়। ১৯২১ সালে ব্রিটিশ সৈন্যরা ডাকলিন দখল করে। ১৯২৬ সালে বিখ্যাত রীফ নেতা আবদুল করিম খাত্তাবি ফ্রান্স এবং স্পেনীয় যৌথ বাহিনীর হাতে পরাজিত হন।
১৯৩০ সালে প্লুটো গ্রহ আবিষ্কৃত হয়। ১৯৪২ সালে জাপানি সৈন্যরা বালিতে অবতরণ করে। ১৯৫১ সালে নেপালে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ সালে গাম্বিয়ার স্বাধীনতা লাভ হয়। ১৯৬৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুজ্জোহা পাকিস্তানি সেনাবাহিনীর হাতে নিহত হন।
১৯৭৩ সালে আফগানিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৭৬ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন। ১৯৭৯ সালে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৯৮৯ সালে আফগানিস্তানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
১৯৯১ সালে কেনিয়ায় গ্রিস দূতাবাসে লুকিয়ে থাকার তিন দিন পর তুরস্কের কুর্দি নেতা আবদুল্লাহ ওজালানকে গ্রেফতার করা হয়। ১৯৯৩ সালে হাইতিতে ফেরি ডুবে দু’হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায়। ১৯৯৭ সালে বাংলাদেশে প্রথম বেসরকারি বিমান সংস্থার যাত্রীবহন কার্যক্রম শুরু হয়।
১৮ ফেব্রুয়ারি ইতিহাসের এক নীরব কিন্তু শক্তিশালী সাক্ষী—যে দিনগুলো আমাদের অতীতকে মনে করিয়ে দেয়, বর্তমানকে বোঝায় এবং ভবিষ্যতের জন্য শিক্ষা দেয়।
সূত্র: উইকিপিডিয়া



