কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

মো. ইব্রাহিম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
শান্তি ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যে এবং নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিরসনে করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম (ওয়েব)-এর উদ্যোগে ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে এই সভার আয়োজন করা হয়। সভায় নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল কুদ্দুছ বসুনিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ‘প্রত্যাশার আলো’ পত্রিকার সম্পাদক ও পিএফজি কমিটির সমন্বয়কারী সারওয়ার আলম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন রংপুর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও পিএফজি কমিটির অ্যাম্বাসেডর রওশন আরা রত্না, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর ফরিদা ইয়াসমিন, সাংবাদিক জহির রায়হান এবং পিএফজি কমিটির সদস্য সেতু রানী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা ও সম্প্রীতি বজায় রাখতে সব মানুষের সমান মর্যাদা নিশ্চিত করতে হবে এবং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তারা আরও বলেন, ধর্মীয় বিদ্বেষ, গুজব ও অপতথ্যের বিস্তার সামাজিক শান্তি ও সম্প্রীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব প্রতিকূলতা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় নারী শান্তি সহায়ক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা নারী ও কন্যা শিশুদের জন্য একটি নিরাপদ ও সহিংসতামুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



