কোরবানি করতে গিয়ে আহত শতাধিক, ঢাকায় ৮০ জন হাসপাতালে চিকিৎসাধীন

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় কোরবানির পশু জবাই, কাটাকাটি ও প্রস্তুত করার সময় অসাবধানতাবশত অন্তত ৮০ জন মৌসুমি কসাই আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে প্রায় ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে। ঈদের দিনের ব্যস্ততার মধ্যেই হাসপাতালজুড়ে তৈরি হয় অতিরিক্ত চাপ।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। কোরবানির সময় গরুর লাথি, শিংয়ের আঘাত, ছুরি-কাঁচির অসাবধান ব্যবহারসহ নানা কারণে এসব দুর্ঘটনা ঘটে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কলিন্স মল্লিক জানান, আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন। তবে গুরুতর আহতদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, ঈদের দিন ছুটির মধ্যেও চিকিৎসকরা অতিরিক্ত চাপ নিয়ে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন।
আহতদের মধ্যে পুরান ঢাকার নারিন্দা, ওয়ারী, লালবাগ, কোতোয়ালি, সূত্রাপুর, চকবাজার, হাজারীবাগ, বংশালসহ রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা রয়েছেন। পাশাপাশি উত্তরার, বাড্ডা, ধানমন্ডি, কলাবাগান, মিরপুর ও পল্লবী এলাকার লোকজনও এই তালিকায় রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত আহত অবস্থায় প্রায় ৮০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন চিকিৎসা শেষে চলে গেছেন এবং বাকিদের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাগুলোকে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



