কলকাতায় স্ত্রীসহ আলীগের তোপের মুখে মোশাররফ করিম!

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে ভারতের কলকাতায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন নির্মাতা ও লেখক জাওয়াদ নির্ঝর।
সোমবার (১৫ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জাওয়াদ নির্ঝর জানান, রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেট এলাকার একটি হোটেলের সামনে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগের কিছু লোক তাকে ‘লাল বদর’ বলে গালাগাল করতে থাকে এবং তার দিকে তেড়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
জাওয়াদ নির্ঝরের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতির আশঙ্কা তৈরি করে। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি দ্রুত হস্তক্ষেপ করে অভিনেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে মোশাররফ করিম বা তার প্রতিনিধির পক্ষ থেকেও ঘটনার বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। তবে ঘটনাটির বিস্তারিত তথ্য এবং প্রকৃত পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।



