গাইবান্ধার আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটুসমান পানি, জলাবদ্ধতা নিরসনের দাবি

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর এলাকার আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে টানা এক দিনের বৃষ্টিতে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তি দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয় মাঠে জমে থাকা পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। এর ফলে সামান্য বৃষ্টিতেই এখানে পানি জমে থাকে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে বিদ্যালয় মাঠটি বর্তমানে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলা ও প্রাত্যহিক সমাবেশের মতো স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সচেতন নাগরিক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মাঠের নিচু অংশে মাটি ভরাট করে উঁচু করা এবং কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না নেওয়ায় প্রতি বছর বর্ষা মৌসুমে একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। জলাবদ্ধতার এই ভোগান্তি দূর করতে দ্রুত মাঠে মাটি কেটে সমতল করা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন তারা।
বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত মাঠ সংস্কার এবং উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।



