গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। হঠাৎ করে একসঙ্গে এত শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানায় চরম আতঙ্কের সৃষ্টি হয় এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়। প্রাথমিকভাবে দূষিত পানি পানকেই অসুস্থতার কারণ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান গার্মেন্টস লিমিটেড’ কারখানায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা যায়, কারখানার সরবরাহকৃত পানি পান করার কিছু সময় পরই একাধিক শ্রমিক পেটব্যথা, বমি, ডায়রিয়া ও মাথা ঘোরার মতো উপসর্গে আক্রান্ত হন। পরিস্থিতি দ্রুত অবনতি হলে একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
পরবর্তীতে অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কয়েকজন শ্রমিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর কারখানা এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক শ্রমিক কর্মস্থল ত্যাগ করেন এবং সাময়িকভাবে কারখানার উৎপাদন কার্যক্রমও ব্যাহত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার পানির উৎস দূষিত হওয়ার কারণেই এই গণঅসুস্থতা দেখা দিতে পারে। তবে সঠিক কারণ নির্ধারণে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলেছে, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় শ্রমিক নিরাপত্তা ও শিল্পকারখানার পানির মান নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



