চীনের কিনহাই প্রদেশে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কম্পনে কাঁপল হাইশি অঞ্চল

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিনহাই প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৬ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্পে হাইশি অঞ্চলসহ আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। তবে প্রাথমিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জুন) স্থানীয় সময় বিকেলের দিকে এই ভূমিকম্পটি আঘাত হানে। চীনের রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কিনহাই প্রদেশের হাইশি অঞ্চলে, যা একটি পাহাড়ি ও উচ্চভূমি এলাকা।
চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি বেইজিং সময় বিকেল ৫টা ০৬ মিনিটে সংঘটিত হয়। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার নিচে, যা তুলনামূলকভাবে অগভীর ভূমিকম্প হিসেবে ধরা হয় এবং তাই কম্পনের তীব্রতা বেশি অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে একাধিক আফটারশক শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল প্রায় ৫। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলমান রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পরও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতির খবর নিশ্চিত হয়নি। তবে উদ্ধার ও জরুরি সেবা সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে।
চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, প্রাথমিক ভূকম্পনের পর একাধিক আফটারশক অনুভূত হওয়ায় স্থানীয়দের সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে।
সূত্র: সিসিটিভি, রয়টার্স।



