চলমান সংকট নিরসনে বিকল্প রূপরেখা উপস্থাপন সিরাজগঞ্জে

চলমান জাতীয় সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার প্রস্তাবনা নিয়ে সিরাজগঞ্জে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শহরের জারা ফাস্টফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্টে হেযবুত তওহীদ সিরাজগঞ্জ শাখার আয়োজনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলার বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা সভাপতি মো. আল আমিন মির্জা এবং সঞ্চালনা করেন হেযবুত তওহীদের রাজশাহী আঞ্চলিক সভাপতি আশেক মাহমুদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সভাপতি মো. মশিউর রহমান।
তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা ও উন্নতি নির্ভর করে তার গৃহীত ব্যবস্থার ওপর। ইতিহাস প্রমাণ করে মানবসৃষ্ট কোনো মতবাদ কখনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি; বরং সংঘাত ও বিভেদকে উস্কে দিয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র কিংবা গণতন্ত্র—সবই মানুষের অধিকারের কথা বললেও বাস্তবে মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থকেই প্রাধান্য দিয়েছে।”
বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, “স্বাধীনতার পর গত ৫৩ বছরে অসংখ্য সংবিধান সংশোধন, নির্বাচন ও আইন প্রণয়ন সত্ত্বেও জাতির মৌলিক সংকটের সমাধান হয়নি। দুর্নীতি, সন্ত্রাস, সাম্প্রদায়িক সংঘাত, বৈষম্য ও সামাজিক অবক্ষয় দিন দিন বাড়ছে। এর কারণ হলো বিদ্যমান ব্যবস্থার ত্রুটি। তাই এ সংকট থেকে উত্তরণের একমাত্র পথ আল্লাহর জীবনবিধান গ্রহণ করা।”
মূল প্রবন্ধের পর প্রাণবন্ত মুক্ত আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। এতে সুচিন্তিত মতামত দেন টাঙ্গাইল হায়দার আলী খান পন্নী ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী ও হেযবুত তওহীদের কেন্দ্রীয় স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক ডা. উম্মুত তিজান মাখদুমা পন্নী, বেলকুচি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছাইফুল ইসলাম, শাহজাদপুর সাতবাড়ীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক পরিতোষ কুমার সরকার, সিমালা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আহসানুল হক, খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোসা. উম্মে হানি মলি, সড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আইনজীবী মো. আনিছুর রহমানসহ আরও অনেকে।
এছাড়া আলোচনায় অংশ নেন একাত্তর টেলিভিশনের প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক আজকের জনবানীর সহকারী সম্পাদক দুলাল উদ্দিন আহমেদ, জনতার কণ্ঠ সম্পাদক স্বপন চন্দ্র দাস, মোহনা টিভির প্রতিনিধি মো. সোহেল রানা, দৈনিক ইত্তেফাকের মাহমুদুল কবীর, সাপ্তাহিক যমুনা প্রবাহের সহকারী সম্পাদক মোস্তাক আহম্মেদ নওশাদ, গাজী টিভি ও দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক কলম সৈনিকের শাহ আলম, এসএ টিভির আলী রহমত এবং দৈনিক সংবাদের প্রতিনিধি আব্দুল কুদ্দুস।
বক্তারা একমত হন যে, দেশের চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হতে পারে টেকসই সমাধানের পথ।



