ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযান: মোটরসাইকেল চোরসহ গ্রেফতার ১৭

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এই চিরুনি অভিযান চালানো হয়।
অভিযানের সময় চুরির দুটি মোটরসাইকেল, বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, ফেনসিডিল এবং জুয়ার আসর থেকে নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ টিম কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মস্তফাপুর এবং কালীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে। তারা হলেন: মস্তফাপুর গ্রামের জাহিদ হাসান (২৬), ফরাসপুর গ্রামের মো. মেহেদী হাসান সান্টু (৩০) এবং চাঁচড়া গ্রামের রাজ কুমার বিশ্বাস জসিম (২৭)।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি এবং কেনাবেচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছিল। তাদের কাছ থেকে একটি সুজুকি জিক্সার ও একটি বাজাজ পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ঝিনাইদহ জেলা পুলিশ প্রশাসন জানায়, জেলায় অপরাধ দমনে তারা শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। মাদক, জুয়া এবং চুরি-ছিনতাই রোধে জেলা পুলিশের এই বিশেষ ঝটিকা অভিযান আগামী দিনগুলোতে আরও জোরদার করা হবে। গ্রেফতার হওয়া ১৭ জনকে আজ সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



