টাঙ্গাইলে যমজ দুই বোনের সঙ্গে যমজ দুই ভাইয়ের শুভ পরিণয়

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যতিক্রমধর্মী এক বিয়ের আয়োজন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যমজ দুই বোনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন লক্ষ্মীপুরের যমজ দুই ভাই। এমন বিরল ঘটনা দেখতে ও নবদম্পতিদের শুভেচ্ছা জানাতে বিয়েবাড়িতে ভিড় করেন বিভিন্ন এলাকার উৎসুক মানুষ।
বুধবার (১৭ জুন) ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামে শফিকুল ইসলামের যমজ কন্যা সুমাইয়া আক্তার ও সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বরপক্ষের যমজ দুই ভাই মো. আব্দুর রাজ্জাক ও মো. আব্দুল জব্বারের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার রাজিবপুর গ্রামে। তারা দুজনই বর্তমানে দুবাই প্রবাসী।
পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সুমাইয়া আক্তার এবং মো. আব্দুল জব্বারের সঙ্গে সোনিয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। প্রতিটি বিয়েতে তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়।
এলাকাবাসী জানান, একই সঙ্গে যমজ দুই ভাই ও যমজ দুই বোনের বিয়ের ঘটনা খুবই বিরল। খবরটি ছড়িয়ে পড়ার পর অনেকে কৌতূহলবশত বিয়েবাড়িতে আসেন। কেউ ছিলেন আমন্ত্রিত অতিথি, আবার কেউ শুধুমাত্র এই ব্যতিক্রমী আয়োজন একনজর দেখার জন্য উপস্থিত হন।
নবদম্পতিদের একজন জানান, ছোটবেলা থেকেই দুই ভাইয়ের ইচ্ছা ছিল যমজ দুই বোনকে বিয়ে করার। সামাজিক যোগাযোগমাধ্যম ও পরিচিতজনদের মাধ্যমে যমজ দুই বোনের সন্ধান পাওয়ার পর পারিবারিকভাবে যোগাযোগ শুরু হয় এবং শেষ পর্যন্ত তাদের সেই ইচ্ছা পূরণ হয়েছে।
কনের চাচা রফিকুল ইসলাম মনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় এক শিক্ষকের সহায়তায় দুই পরিবারের মধ্যে পরিচয় ঘটে। দুই ভাতিজিই এবার এইচএসসি পরীক্ষার্থী। এমন সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠতে পেরে পরিবারের সবাই আনন্দিত।
বরদের বাবা মো. নুরুল আলম বলেন, যমজ দুই ছেলের জন্য যমজ দুই পুত্রবধূ পাওয়ায় তিনি অত্যন্ত খুশি। তিনি নবদম্পতিদের সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
বিয়ের এই ব্যতিক্রমী আয়োজন বর্তমানে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের মতে, এমন ঘটনা সচরাচর দেখা যায় না, তাই এটি সবার মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করেছে।



