টঙ্গীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার!

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুই নারী ও তিন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন টঙ্গী পশ্চিম থানার মুদাফা এলাকার কনসেপ্ট গার্মেন্টসসংলগ্ন স্থানে এক ব্যক্তিকে কৌশলে ফাঁদে ফেলে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং টাকা আদায়ের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, চক্রের সদস্যরা তার কাছ থেকে নগদ ৭৬ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নেয়।
ঘটনার পর টঙ্গী পশ্চিম থানা পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে চক্রটির দুই নারী ও তিন পুরুষ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। হানি ট্র্যাপসহ প্রতারণা, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ওসি সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণামূলক ফাঁদ সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো সন্দেহজনক ঘটনার শিকার হলে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



