ডোনাল্ড ট্রাম্প খ্যাত গোলাপি মহিষ দেখতে মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের নজর কেড়েছে ডোনাল্ড ট্রাম্প নামে পরিচিত এক অ্যালবিনো গোলাপি মহিষ। প্রাণীটিকে দেখতে প্রতিদিনই ভিড় বাড়ছে চিড়িয়াখানায়। দূর-দূরান্ত থেকে পরিবারসহ অসংখ্য মানুষ ছুটে আসছেন এই ব্যতিক্রমী প্রাণীটি দেখার জন্য।
জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির খাঁচার সামনে একটি পরিচিতি ট্যাগ ঝুলানো হয়েছে, যেখানে লেখা রয়েছে সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প) এবং ইংরেজিতে Albino Buffalo। এই বিশেষ পরিচিতির কারণেই এটি দর্শনার্থীদের কাছে আরও বেশি কৌতূহলের বিষয় হয়ে উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ভিড় বাড়তে শুরু করে এবং ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ,এর মধ্যে জাতীয় চিড়িয়াখানায় সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যায় ডোনাল্ড ট্রাম্প খ্যাত মহিষটির খাঁচার সামনে।
দর্শনার্থীরা মূলত চিড়িয়াখানার এল-০৭নম্বর খাঁচায় থাকা এই মহিষটি দেখতে ভিড় করছেন। অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় এখানে ভিড় অনেক বেশি থাকায় পুরো এলাকা সরগরম হয়ে ওঠে।

এর আগে বুধবার রাত ১১টার দিকে মহিষটি চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই দর্শনার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো বৃদ্ধি পায় বলে জানায় কর্তৃপক্ষ। নতুন ও ব্যতিক্রমী প্রাণী হওয়ায় এটি দেখতে মানুষের আগ্রহ বাড়ছে বলেও তারা উল্লেখ করেন।
আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষটি এখন চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। ফলে প্রতিদিনই সেখানে বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি।



