ঢাকাসহ ১২ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ১২টি অঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে অস্থায়ী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে, একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঝড়-বৃষ্টির সম্ভাবনার কারণে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া, মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং আবার কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।



