ঢাকাসহ ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা জারি

দেশের রাজধানী ঢাকাসহ ১৫টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এদিকে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের ওপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও এক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।



