দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়নের নামের মিল নিয়ে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নবগঠিত দুটি ইউনিয়নের নাম তার দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জাতীয় সংসদে তিনি দাবি করেন, এসব নামকরণে কোনো ব্যক্তিগত প্রভাব নেই, বরং প্রশাসনিক প্রক্রিয়া, ভৌগোলিক বাস্তবতা ও স্থানীয় প্রস্তাবের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। এর আগে সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর প্রভাব খাটিয়ে নতুন গঠিত ইউনিয়নগুলোর নাম তার পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছে, যা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংসদে দেওয়া জবাবে মীর শাহে আলম জানান, নতুন ইউনিয়নগুলোর নামকরণ সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং এতে ব্যক্তিগত কোনো প্রভাব ছিল না। তিনি বলেন, সংশ্লিষ্ট উপজেলা ও জেলা পর্যায়ে যাচাই-বাছাই, গণশুনানি এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করেই নাম নির্ধারণ করা হয়েছে।
তিনি ব্যাখ্যা করেন, গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় নবগঠিত ইউনিয়নের নাম রাখা হয়েছে “সীমান্ত”, কারণ এটি সীমান্তবর্তী এলাকা। একইভাবে গাইবান্ধা জেলার সীমান্তঘেঁষা এবং মূল কেন্দ্র থেকে দূরবর্তী এলাকার ভৌগোলিক বৈশিষ্ট্য বিবেচনায় আরেকটি ইউনিয়নের নাম দেওয়া হয়েছে “দিগন্ত”।
প্রতিমন্ত্রী আরও জানান, তার দুই সন্তানের নাম যথাক্রমে ‘মীর সীমান্ত’ ও ‘মীর দিগন্ত’ হলেও ইউনিয়নের নামের সঙ্গে শুধুমাত্র শব্দগত মিল থাকলেও এখানে পারিবারিক নাম ব্যবহারের কোনো উদ্দেশ্য ছিল না। তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত প্রভাব থাকলে নামের সঙ্গে “মীর” যুক্ত করার বিষয়টি সামনে আসত, কিন্তু সরকারি নামকরণে এমন কিছু করা হয়নি।
সমালোচনার জবাবে তিনি সংসদে হালকা রসিকতা করে বলেন, কেউ কখনো দাবি করেনি যে বিজিবির “সীমান্ত ব্যাংক”, “সীমান্ত এক্সপ্রেস”, কিংবা “দিগন্ত টাওয়ার” বা “দিগন্ত টেলিভিশন”-এর সঙ্গেও তার কোনো সম্পর্ক রয়েছে। ফলে শুধু নামের মিলকে কেন্দ্র করে অভিযোগ করা অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে স্পিকার সংসদে জানান, উভয় পক্ষের বক্তব্য কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে। তবে কোনো অংশে অসংসদীয় মন্তব্য থাকলে তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন বা বিয়োজন করা হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।



