দীপেন দেওয়ানের পদত্যাগে সর্ব মিত্র চাকমার আবেগঘন পোস্ট

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবর প্রকাশের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দীপেন দেওয়ানের রাজনৈতিক ব্যক্তিত্ব, আচরণ ও নেতৃত্বের প্রশংসা করে তাকে দায়িত্বে রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা চলার মধ্যেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট করেছেন ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি মন্ত্রীর পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
পোস্টে সর্ব মিত্র চাকমা লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দীপেন দেওয়ান মন্ত্রিত্ব থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এটি একটি বিরল ঘটনা বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, সাধারণত ক্ষমতার পদে থাকা ব্যক্তিরা দায়িত্ব ধরে রাখতে আগ্রহী থাকেন, সেখানে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত ব্যতিক্রমী।
দীপেন দেওয়ানের ব্যক্তিত্ব ও রাজনৈতিক আচরণের প্রশংসা করে তিনি বলেন, যতটুকু তিনি তাকে কাছ থেকে চিনেছেন ও জেনেছেন, তাতে তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত ও স্বল্পভাষী একজন মানুষ। বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে পরস্পরকে আক্রমণ ও কাদা ছোড়াছুড়ি প্রায় নিয়মিত ঘটনা, সেখানে দীপেন দেওয়ান কখনও বিরোধী পক্ষকে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করেননি। এমন পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চা দেশের জন্য ইতিবাচক উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি।
সর্ব মিত্র চাকমা আরও উল্লেখ করেন, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর দীপেন দেওয়ানকে যথেষ্ট সক্রিয় দেখা গেছে। পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি মনে করেন।
পোস্টের শেষাংশে তিনি বলেন, মন্ত্রীর পদত্যাগের পেছনে অন্য কোনো অভ্যন্তরীণ কারণ রয়েছে কি না, তা তিনি জানেন না। তবে দেশ ও পার্বত্য চট্টগ্রামের মানুষের স্বার্থে দীপেন দেওয়ানের দায়িত্বে থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী চাইলে দীপেন দেওয়ান পুনরায় দায়িত্ব পালনে সম্মত হবেন।
উল্লেখ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন দীপেন দেওয়ান। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। জানা গেছে, স্বাস্থ্যগত জটিলতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
দীপেন দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে নির্বাচিত সংসদ সদস্যদের একজন ছিলেন। তার পদত্যাগের খবরে পার্বত্য চট্টগ্রামসহ রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।



