দার্জিলিংয়ে ১০ হাজার শিক্ষার্থীর জন্য বিনামূল্যে কোচিং, বড় উদ্যোগ শ্রিংলার

ভারতের উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য বড় এক শিক্ষামূলক উদ্যোগ নিয়েছে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটি (ডিডব্লিউএস)। এই কর্মসূচির আওতায় ১০ হাজারের বেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সুবিধা পাবেন। উদ্যোগটির লক্ষ্য হলো আর্থিক বাধা দূর করে মেধাবী তরুণদের সরকারি চাকরি ও প্রশাসনিক খাতে প্রতিযোগিতার জন্য প্রস্তুত করা। এই প্রকল্পের পেছনে রয়েছেন দার্জিলিংয়ের সংসদ সদস্য ও ভারতের সাবেক পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।
সোমবার ‘ডিডব্লিউএস উৎকর্ষ’ নামে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে ভারতের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ফিজিকস ওয়ালা। এই অংশীদারত্বের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর অনলাইন শিক্ষার পাশাপাশি কাঠামোবদ্ধ কোচিং সুবিধা পাবেন। খবর ইকোনমিক টাইমসের।
এই উদ্যোগের আওতায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার শিক্ষার্থীরা উপকৃত হবেন। মোট ১৬ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের প্রস্তুত করা হবে। এর মধ্যে রয়েছে অগ্নিবীর, পশ্চিমবঙ্গ পুলিশ এসআই ও কনস্টেবল, সেন্ট্রাল ডিফেন্স সার্ভিস (সিডিএস), এনডিএ, এএফসিএটি, সিএপিএফ, এসএসসি, ডব্লিউবিপিএসসি এবং ইউপিএসসি সিভিল সার্ভিসসহ গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা।
প্রকল্পের সবচেয়ে বড় দিক হলো এটি সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে। সাধারণত এসব কোচিংয়ের খরচ ১৫ হাজার থেকে ৭৫ হাজার রুপির মধ্যে হয়ে থাকে, যা অনেক শিক্ষার্থীর জন্য বহন করা কঠিন। নতুন এই উদ্যোগ সেই আর্থিক বাধা দূর করার লক্ষ্য নিয়েই বাস্তবায়ন করা হচ্ছে।
ভর্তির ক্ষেত্রে ‘আগে এলে আগে পাবেন’ নীতি অনুসরণ করা হবে। একজন শিক্ষার্থী কেবল একটি কোর্সে ভর্তি হতে পারবেন, যাতে সর্বাধিক শিক্ষার্থী এই সুবিধা গ্রহণ করতে পারেন। রেজিস্ট্রেশন ও পরিচয় যাচাইয়ের পর নির্বাচিত শিক্ষার্থীরা নির্ধারিত কোর্সে অংশ নিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানেহর্ষ বর্ধন শ্রিংলা বলেন, উত্তরবঙ্গের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা থাকলেও অনেকেই আর্থিক সমস্যার কারণে মানসম্মত কোচিং থেকে বঞ্চিত হন। এই উদ্যোগ সেই ব্যবধান কমানোর একটি প্রয়াস। তিনি আরও বলেন, তরুণদের দক্ষ করে তুলতে পারলে অঞ্চলটির ভবিষ্যৎ আরও শক্তিশালী হবে।
ভিডিও বার্তায় আলাখ পান্ডে বলেন, মানসম্মত শিক্ষা প্রত্যেক শিক্ষার্থীর অধিকার এবং তা কখনোই ভৌগোলিক বা আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থাকা উচিত নয়। ডিডব্লিউএসের সঙ্গে যুক্ত হয়ে বিনামূল্যে কোচিং সুবিধা দেওয়ার উদ্যোগকে তিনি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এর আগে গত দুই বছরে ডিডব্লিউএস বিনামূল্যে ইউপিএসসি কোচিং পরিচালনা করেছে, যেখানে ১২০ জনের বেশি শিক্ষার্থী প্রশিক্ষণ পেয়েছেন। তাদের মধ্যে অনেকেই ইতোমধ্যে পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস, রিজার্ভ ব্যাংক এবং গোয়েন্দা সংস্থায় চাকরি পেয়েছেন বলে জানা গেছে।
এই উদ্যোগকে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের জন্য এক বড় সম্ভাবনার দরজা হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



