দেশের চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, কয়েক দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশের দিকে একটি শক্তিশালী বর্ষাকালীন বৃষ্টিবলয় ধেয়ে আসছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে, যা কয়েকদিন ধরে চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, আসন্ন এই বৃষ্টিবলয় দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে এবং দীর্ঘ সময় ধরে এর প্রভাব বজায় থাকতে পারে।
বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, আগামী ১৮ থেকে ১৯ জুনের মধ্যে প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় “রিমঝিম” সক্রিয় হতে পারে। এই বৃষ্টিবলয়ের প্রভাব ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত টানা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, এই সময় দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতিভারি বৃষ্টিও হতে পারে।
তবে এই বৃষ্টিবলয়ে স্বাভাবিক ঝড়ো হাওয়া ও বজ্রঝড়ের তীব্রতা তুলনামূলকভাবে কম থাকতে পারে বলে জানানো হয়েছে। কিছু এলাকায় বাতাসের দিক পরিবর্তন ও দমকা হাওয়ার কারণে সীমিত পরিসরে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালীন এই ধরনের বৃষ্টিবলয় দেশের নদ-নদীর পানি বৃদ্ধি ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে, তাই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।



