নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক দিলেন নাসীরুদ্দিন!

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, চট্টগ্রাম বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। চট্টগ্রাম যেদিকে এগোবে, দেশও সেদিকেই এগোবে।
শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্য জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে নাসীরুদ্দিন পাটওয়ারী চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষায় নতুন রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।
ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক হতে হবে সমতা, মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত এবং বাণিজ্যে ভারসাম্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নাসীরুদ্দিন পাটওয়ারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। তিনি বলেন, জনগণের আন্দোলনের মাধ্যমেই পূর্ববর্তী শাসনের অবসান ঘটেছে।
জাতীয় বাজেটের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার যথাযথ প্রতিফলন ঘটেনি। তিনি দাবি করেন, এই বাজেটে দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি রয়েছে।
সমাবেশে তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন।
গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং বিভিন্ন জাতীয় দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট এই বিভাগীয় সমাবেশের আয়োজন করে।



