নেত্রকোনায় হেফাজত নেতার বাড়িতে হামলার অভিযোগ

নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনায় মাদ্রাসা কমিটি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের এক নেতার বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে সদর উপজেলার হাটখলা বাজারে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম নেত্রকোনা জেলা শাখা।
বিক্ষোভ থেকে মৌগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ রেনু মিয়া ও তার সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম মাদানী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইনসহ অনেকে। তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
জানা যায়, গরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার কমিটি গঠন নিয়ে সুপার আবদুল খালেক খানের সঙ্গে আবুল কালাম আজাদের বিরোধ চলছিল। গত মঙ্গলবার দুপুরে রেনু মিয়ার নেতৃত্বে একদল লোক মাদ্রাসায় হামলা চালিয়ে সুপারকে মারধর করে অফিস থেকে বের করে দেয়। প্রতিবাদ জানান হেফাজতের নেত্রীবৃন্দের একজন এবং বড় গরদী বাগানবাড়ী মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান। এর জেরে ওইদিন রাতেই তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে তাকে ডেকে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়।
এই ঘটনার প্রতিবাদে টানা তিনদিন ধরে মাদ্রাসা প্রাঙ্গণে বিক্ষোভ করে আসছে হেফাজতের নেতাকর্মী, ছাত্র ও এলাকাবাসী।



