নোয়াখালীতে মোবাইল সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর আয়োজনে নোয়াখালীতে দিনব্যাপী মোবাইল সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীরা অংশ নেন।
প্রশিক্ষক হিসেবে পুরো কর্মশালা পরিচালনা করেন দৈনিক দেশের পত্র-এর মাল্টিমিডিয়া ইনচার্জ এইচ এম রাকিব। তিনি হাতে-কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মোবাইল সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ভবিষ্যতে শিখনগুলো বাস্তবে কাজে লাগানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক জোটের উপদেষ্টা নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা এশিয়ান টিভির রিপোর্টার মাহবুব আলম, দৈনিক দেশের পত্র-এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান মানিক এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক মাহবুব আলম নিক্কন।
দিনব্যাপী এই কর্মশালা এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়। সহজবোধ্য ভাষা ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীরা মোবাইল দিয়ে সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং প্রচারের বিভিন্ন কৌশল শিখে নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, মোবাইল সাংবাদিকতা বর্তমান সময়ে গণমাধ্যম জগতে অপরিহার্য হয়ে উঠেছে। সহজলভ্য প্রযুক্তি ও দ্রুত সংবাদ প্রচারের কারণে এ মাধ্যমের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়ছে, আর এই প্রশিক্ষণ কর্মশালা তাদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



