নুরকে আমরা নেতা বানাইছি, তিনি ‘আম্মা’ ডাকছিলেন হাসিনারে!

ডাকসুর সাবেক ভিপি ও প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি নুরুল হক নুরের অতীত রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টে মনিরা শারমিন লেখেন, “নুরুল হক নুর, আমার সহযোদ্ধা যতবার বলেন জুলাই আন্দোলনের ছাত্রদের তারা তৈরি করেছে, ততবার আমার মনে পড়ে পুরনো দিনের কথা। যখন নুরকে আমরা নেতা বানাইছিলাম, কিন্তু তিনি ‘আম্মা’ ডাকছিলেন হাসিনারে।”
তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
মনিরা শারমিন জাতীয় নাগরিক পার্টির অঙ্গসংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক। তিনি পূর্বে জামায়াত জোটের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছিলেন, তবে আইনি জটিলতার কারণে তার প্রার্থিতা বাতিল হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে কবি সুফিয়া কামাল হল সংসদের জিএস নির্বাচিত হন মনিরা শারমিন। একই নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হক নুর।



