নরেন্দ্র মোদিকে ফেরেশতা ও খুনীর মতো কঠিন বললেন ডোনাল্ড ট্রাম্প

জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি–এর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভূয়সী প্রশংসা করেছেন। বৈঠকে মোদিকে একদিকে “শান্ত ও নম্র”, অন্যদিকে “অত্যন্ত কঠিন ও দক্ষ আলোচক” হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। এমনকি রসিকতার ছলে তাকে “ফেরেশতা” ও “খুনীর মতো কঠিন” বলেও মন্তব্য করেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বুধবার (১৭ জুন) ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে ভারত–যুক্তরাষ্ট্র সম্পর্ক, পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যু উঠে আসে।
ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী মোদি বাইরে থেকে শান্ত ও ভদ্র মনে হলেও বাস্তবে তিনি অত্যন্ত দৃঢ়চেতা একজন নেতা। তিনি আরও উল্লেখ করেন, মোদি একজন “কঠিন আলোচক”, যিনি ভারতের স্বার্থ রক্ষায় সবসময় শক্ত অবস্থান নেন।
তিনি আরও বলেন, “আমি যতদিন হোয়াইট হাউসে থাকব, ততদিন ভারত যুক্তরাষ্ট্রের একজন নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পাশে থাকবে।” একই সঙ্গে তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করার আশা প্রকাশ করেন।
রসিকতার সুরে মোদির ব্যক্তিত্ব বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি দেখতে খুবই চমৎকার, যেন একজন “ফেরেশতা”, কিন্তু কাজের ক্ষেত্রে তিনি অত্যন্ত কঠিন ও দৃঢ়—যাকে তিনি “খুনীর মতো কঠিন” বলেও উল্লেখ করেন। তার মতে, এমন ব্যক্তিত্ব বিশ্ব রাজনীতিতে খুব কমই দেখা যায়।
বৈঠকে ট্রাম্প ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বলেন, মার্কিন প্রশাসনে মোদির প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে। তিনি আরও দাবি করেন, ভারতের জনগণের প্রতি মোদির ভালোবাসা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে।
আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথা হয়। ট্রাম্প বলেন, ভারত যদি কোনো নিরাপত্তা সংকটে পড়ে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদে শান্তির পথ খুলে দিতে পারে। পাশাপাশি তিনি বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ওপর গুরুত্ব দেন।
বৈঠকের শেষে দুই নেতা তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের আগ্রহও প্রকাশ করেন।
সূত্র: এনডিটিভি



