পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তিনি আইন মন্ত্রণালয়ের সচিব বরাবর আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন, এখন থেকে তিনি পুরোপুরি আইন পেশায় মনোনিবেশ করতে চান।
মঙ্গলবার (১৭ জুন) অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আইন মন্ত্রণালয়ের (আইন ও বিচার বিভাগ) সচিব বরাবর তার পদত্যাগপত্র পাঠানো হয় বলে জানা গেছে।
পদত্যাগপত্রে আশিক রুবাইয়াত উল্লেখ করেন, তাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। তবে ব্যক্তিগত কারণে এই দায়িত্ব অব্যাহত রাখা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, তিনি বর্তমানে পুরোপুরি আইন পেশায় মনোযোগ দিতে চান। সম্প্রতি তিনি বিদেশে অবস্থান করছিলেন এবং দেশে ফিরে সোমবার পদত্যাগপত্র জমা দেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, আশিক রুবাইয়াত নিয়মিত অফিসে উপস্থিত থাকতেন না। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। এর পরিপ্রেক্ষিতেই তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানান অ্যাটর্নি জেনারেল।
উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পান। প্রায় এক বছরের কম সময় দায়িত্ব পালনের পর তিনি পদ থেকে সরে দাঁড়ালেন।



