পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর আত্মহত্যা

নেত্রকোনার কেন্দুয়া পৌরসভা এলাকায় স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জোবেদা আক্তার (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় পৌরসভার নল্লা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জোবেদা আক্তার ওই গ্রামের আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, জোবেদা আক্তার কিছুটা রাগী স্বভাবের ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরিবারের অগোচরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে কেন্দুয়া থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি থানায় নিয়ে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



