বাজেট ২০২৬–২৭: ৬০টি নিত্যপণ্যে কর কমানোর উদ্যোগ সরকারের

আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে বড় ধরনের কর ছাড়ের পরিকল্পনা নিয়েছে সরকার। মূল্যস্ফীতির চাপ কমানো এবং নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব করা হয়েছে। নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে এসব পণ্যের দাম কিছুটা হলেও কমার আশা করা হচ্ছে।
সরকারের প্রস্তাব অনুযায়ী বর্তমানে নিত্যপণ্যের ওপর আরোপিত ৫ শতাংশ, ২ শতাংশ ও ১ শতাংশ উৎসে কর কমিয়ে সর্বনিম্ন শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হবে। এর ফলে কৃষিপণ্য ও ভোগ্যপণ্যের বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং ভোক্তা পর্যায়ে মূল্যচাপ হ্রাস পাবে বলে মনে করা হচ্ছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, এই কর সুবিধার আওতায় প্রায় ৬০ ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল, বীজসহ বিভিন্ন কৃষিপণ্য। পাশাপাশি গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের মতো পণ্যও এই তালিকায় রয়েছে, যা সরাসরি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত।
সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশে উচ্চ মূল্যস্ফীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে বাজারে সরবরাহ চেইন স্বাভাবিক রাখা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কর কমানোর এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
বাজেট প্রস্তাবে আরও উল্লেখ করা হয়েছে, দেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে এটি একটি জনমুখী সিদ্ধান্ত। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবেই নিত্যপণ্যের ওপর চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী বাজেট ২০২৬–২৭ অর্থবছরে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বাজেট অনুমোদিত হলে নতুন করহার কার্যকর হবে এবং বাজারে এর প্রভাব ধীরে ধীরে দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।



