বিদ্যুৎ মূল্যবৃদ্ধি গণবিরোধী, সারা দেশে বিক্ষোভের ডাক জামায়াতের!

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি এই মূল্যবৃদ্ধিকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বুধবার (৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে প্রায় ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করবে। একইসঙ্গে সঞ্চালন চার্জ প্রায় ২৪ শতাংশ বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বিদ্যুৎ ব্যবহারের খরচ আরও বেড়ে যাবে।
বিবৃতিতে তিনি অভিযোগ করেন, সরকারের এই সিদ্ধান্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও নেতিবাচক প্রভাব ফেলবে। শিল্প, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অর্থনীতিতে স্থবিরতা তৈরি হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
গোলাম পরওয়ার আরও বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি এবং বিভিন্ন প্রকল্পের অস্বচ্ছ ব্যয় ব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে বারবার মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হচ্ছে। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জসহ বিভিন্ন খাতে অপচয়ের কারণে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি দাবি করেন, বিদ্যুৎ খাতের এসব সমস্যা সমাধানে দুর্নীতি ও অপচয় বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া জরুরি। একইসঙ্গে বর্তমান মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
এই সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) দেশের সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে ঢাকা মহানগরীর উদ্যোগে বিকেল ৫টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।



