বিবিয়ানা গ্যাসক্ষেত্র এলাকায় উত্তেজনা: সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী-পুলিশের যৌথ টহল

নবীগঞ্জ সংবাদদাতা, হবিগঞ্জ:
বিবিয়ানা গ্যাসক্ষেত্র এলাকায় সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল জোরদার করা হয়েছে। নবীগঞ্জ উপজেলার ৩ নম্বর ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া-করিমপুর গ্রামে সোমবার (২৪ মার্চ ২০২৬) ভোর রাত থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। সরেজমিনে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে বড় ধরনের সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দুই যুবক ফজলু মেম্বারের ভাতিজা সুহেল ও রুজেনের মধ্যে মাদক সেবনকে কেন্দ্র করে রবিবার রাতে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রবাসী সালেহ আহমদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও পরে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে ফজলু মেম্বার তার সমর্থকদের নিয়ে সালেহ আহমদকে বাড়ি থেকে ডেকে এনে এলোপাতাড়ি মারধর করেন। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতির অবনতি ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেয় প্রশাসন। সেনাবাহিনী ও পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান আহমদ যৌথভাবে এলাকায় টহল জোরদার করে এবং কড়া নজরদারির মাধ্যমে উভয় পক্ষকে সংঘর্ষে জড়াতে দেয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।



