বেশি চিল্লায় আর বেশি খায়, তাই গরুর নাম নাসীরুদ্দিন পাটোয়ারী

কোরবানির ঈদ সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে যেমন বড় গরুর সমাহার দেখা যাচ্ছে, তেমনি ব্যতিক্রমী নামের গরু নিয়েও তৈরি হচ্ছে আলোচনা। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে একটি বিশাল কালো ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’। গরুটি বেশি চিৎকার করে এবং প্রচুর খাবার খায়-এ কারণেই শখ করে এমন নাম রেখেছেন খামারি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে হাস্যরস ও নানা প্রতিক্রিয়া।
রোববার (২৪ মে) গরুটির মালিকের বক্তব্যসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই কোরবানির হাটে গরুটি দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে।
ভিডিওতে দেখা যায়, গরুর মালিক হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের পেছনের কারণ ব্যাখ্যা করছেন। তিনি জানান, গরুটি সবসময় অনেক বেশি চিল্লায় এবং খাবার কম হলেই অস্থির হয়ে ওঠে। এই স্বভাবের কারণেই মজা করে তার নাম রাখা হয়েছে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’।
খামারি আরও জানান, বিশাল আকৃতির কালো এই ষাঁড়টির খাদ্য চাহিদাও অনেক বেশি। তার দাবি, গরুটি একবারে প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। পাশাপাশি প্রতিদিন নিয়মিত ঘাস ও খড়ও খাওয়াতে হয়।
বর্তমানে গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ৯ লাখ টাকা। কাঙ্ক্ষিত দাম পেলে গরুটি বিক্রি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মালিক।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের মজার মন্তব্য। কেউ গরুর নাম নিয়ে হাস্যরস করছেন, আবার কেউ তার খাদ্যাভ্যাস নিয়ে মন্তব্য করছেন।
একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন, এখন ঠিক আছে, নাম শুনে গরু রাগ করবে না তো? আবার আরেকজন মন্তব্য করেন, “ফিড বেশি খাওয়ানোর কারণেই এত চিল্লায়।” কেউ কেউ গরুর নামকে “ব্যতিক্রমী ও মজার” বলেও উল্লেখ করেছেন।
ঈদের পশুর হাটে প্রতি বছরই ব্যতিক্রমী নামের গরু নিয়ে আলোচনা তৈরি হয়। এবার সেই তালিকায় যোগ হলো নাসীরুদ্দিন পাটোয়ারী নামের এই ভাইরাল ষাঁড়, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের বিনোদনের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।



