বিশ্বকাপের দেশে পানি বিক্রেতার হাঁস এত জনপ্রিয় কেন?

ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে যখন তিন দেশজুড়ে (কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র) প্রস্তুতির উত্তেজনা তুঙ্গে, তখন মেক্সিকো সিটির রাস্তায় এক সাধারণ হাঁস ‘মেরলিন’ অপ্রত্যাশিতভাবে হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমের নতুন তারকা। পানীয় বিক্রেতা এক পরিবারের পোষা এই হাঁস এখন ভক্তদের চোখে অনানুষ্ঠানিক বিশ্বকাপ মাসকট হিসেবেও জায়গা করে নিচ্ছে।
মেক্সিকো সিটির রাস্তায় পানীয় বিক্রেতা কার্লা গোমেজ ও তার ছেলে ক্রিস্টিয়ান প্রতিদিনের মতোই ব্যবসা চালাচ্ছিলেন। কিন্তু তাদের সঙ্গে থাকা ছোট জার্সি পরা হাঁস ‘মেরলিন’ হঠাৎ করেই একটি ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় তার জনপ্রিয়তার যাত্রা।
ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—এই তিন দেশে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যেই তিন দেশের জন্য অফিসিয়াল মাসকটও ঘোষণা করা হয়েছে—কানাডার ‘ম্যাপল দ্য মুজ’, মেক্সিকোর ‘জায়ু দ্য জাগুয়ার’ এবং যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ দ্য বাল্ড ঈগল’। তবে এই অফিসিয়াল মাসকটগুলোর মাঝেই আলোচনায় উঠে এসেছে এক অ-আনুষ্ঠানিক, কিন্তু মানুষের ভালোবাসায় তৈরি হওয়া ‘মেরলিন’।
ঘটনার সূত্রপাত হয় মেক্সিকো সিটির বিখ্যাত রিফর্মা অ্যাভিনিউতে একটি ম্যাচ-উৎসবের সময়। সেখানে ভিড়ের মধ্যে জার্সি পরা মেরলিনকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা যায়। মুহূর্তটি কেউ ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করতেই সেটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, উৎসবমুখর জনতার ভিড়ে মেরলিনকে ঘিরে মানুষ সেলফি তুলছে, ভিডিও করছে এবং আনন্দ ভাগ করে নিচ্ছে।
ভাইরাল হওয়ার পর থেকেই অনেক ভক্ত সামাজিক মাধ্যমে দাবি তুলছেন, মেরলিনকেই বিশ্বকাপ চলাকালে মেক্সিকোর অনানুষ্ঠানিক মাসকট ঘোষণা করা হোক। যদিও মালিক কার্লা গোমেজ এই বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি জানান, তারা কোনো বিতর্ক চান না এবং ফিফার অফিসিয়াল মাসকটদের প্রতি পূর্ণ সম্মান রাখেন। তার ভাষায়, “আমরা কখনো ভাবিনি মেরলিন এতটা জনপ্রিয় হয়ে উঠবে।”
বর্তমানে মেরলিনকে ঘিরে ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। রাস্তায় বের হলেই মানুষ তাকে থামিয়ে ছবি তোলে, ভিডিও করে। ভিড়ের ক্লান্তি কমাতে মাঝে মাঝে তাকে শহরের ফোয়ারায় বিশ্রাম নিতেও দেখা যায়।
এক সাধারণ রাস্তার হাঁস এখন বিশ্বকাপ উন্মাদনার ভিড়ে এক ব্যতিক্রমী জনপ্রিয়তার প্রতীক হয়ে উঠেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।



