বিশ্বকাপের মঞ্চে আবারও ইতিহাস গড়লেন মেসি!

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচের প্রথমার্ধেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে আরেকটি অনন্য কীর্তি গড়ে আর্জেন্টাইন মহাতারকা টানা পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার রেকর্ডে নাম লেখান। ম্যাচের ১৬তম মিনিটে গোল করে তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও গোল করেছিলেন মেসি। শুধু ২০১০ বিশ্বকাপে তিনি গোলের দেখা পাননি।
৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার এদিন দেশের জার্সিতে নিজের ২০০তম ম্যাচ খেলেন। কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের শুরুতে মেসির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। একইভাবে আলজেরিয়ার একটি গোলও অফসাইডের কারণে গণ্য হয়নি।
তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১৬ মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান বলটি স্পর্শ করলেও ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
নিজের ২০০তম আন্তর্জাতিক ম্যাচে গোল করে মেসি আবারও প্রমাণ করলেন, বয়স শুধু একটি সংখ্যা। গুরুত্বপূর্ণ মুহূর্তে দলের জন্য জ্বলে ওঠার ক্ষমতা এখনও অটুট রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের।



