ভালোবাসার গান গেয়ে আবারও আলোচনায় শিশু বক্তা খ্যাত রফিকুল ইসলাম মাদানি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দেশব্যাপী পরিচিত শিশু বক্তা ও আলোচিত ব্যক্তিত্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী। এবার ধর্মীয় বক্তব্য নয়, বরং একটি ভালোবাসার গান গেয়ে তিনি নেটিজেনদের দৃষ্টি কাড়েন। গানটির ভিডিও প্রকাশের পর তা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়, যেখানে একদিকে যেমন প্রশংসা, অন্যদিকে সমালোচনাও শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৪ মে) রাতে। মাহবুবুল হক হাসান নামের একটি ফেসবুক আইডি থেকে মাদানীর একটি রোমান্টিক গান গাওয়ার ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই তা বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল কনটেন্টে পরিণত হয়।
ভিডিওতে দেখা যায়, মাদানী পুকুরপাড়ে দাঁড়িয়ে মোবাইল ফোন হাতে গান গাইছেন। এ সময় তিনি ভিডিও কলে যুক্ত একজন ব্যক্তিকে গান শোনান বলেও দেখা যায়। তবে ভিডিও কলে থাকা ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
ভিডিওতে মাদানীর গাওয়া গানের কিছু লাইন নিয়েও ব্যাপক আলোচনা চলছে। সেখানে শোনা যায়—
ভাল লাগে তোর ভেচকিটাও, ভুল বুঝে তুই কাঁদিস, যখন, ভালো লাগে তোর ভেচকিটাও, অবিরাম এই ভালোবাসার ব্যাকরণে নেই ক্ষমা, ভালো লাগার একটা কারণ তুই যে প্রাণের প্রিয়তমা।
গানটি স্বরচিত নাকি অন্য কোনো শিল্পীর, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এই ভিডিও প্রকাশের পর থেকেই এটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
একাংশ ব্যবহারকারী বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং মাদানীকে উৎসাহ দিচ্ছেন, অন্যদিকে কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন। মন্তব্য বিভাগে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
একজন ব্যবহারকারী মন্তব্য করেন, “কেউ হাসবি না পাপির দল, হুজুর রোমান্টিক মুডে আছেন।”
অন্যদিকে আরেকজন লেখেন, “হুজুর যেহেতু বলেছে তবে এটা গজলই হবে।”
মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এই ভিডিও নতুন করে তাকে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে, যেখানে বিতর্ক ও কৌতূহল দুটোই সমানভাবে কাজ করছে।



