মাদরাসায় যৌন নিপীড়ন ঠেকাতে কার্যকর উদ্যোগ চান শায়খ আহমাদুল্লাহ

আবাসিক মাদরাসাগুলোতে যৌন নিপীড়নের মতো ঘৃণ্য কর্মকাণ্ড বন্ধে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, “আবাসিক মাদরাসায় যৌন অনাচারের ঘটনা কম-বেশি আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
শনিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন শায়খ আহমাদুল্লাহ।
তিনি জানান, বর্তমানে তিনি হজ সফরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার সুযোগ পাচ্ছেন না। তবে দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা উপস্থাপন এবং কার্যকর উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
পোস্টের মন্তব্যে তিনি রাজধানীর মিরপুরে শিশু রামিসা আক্তার-কে ধর্ষণের পর হত্যার ঘটনাও উল্লেখ করেন। তিনি বলেন, রামিসার ঘটনা নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন তিনি হজের উদ্দেশে ঢাকা বিমানবন্দরে ছিলেন। সেখান থেকেই তিনি একটি সংক্ষিপ্ত পোস্ট করেছিলেন।
পরে বনশ্রীর একটি মাদরাসার আরেকটি ঘটনার খবর ছড়িয়ে পড়ার সময় তিনি আকাশপথে থাকায় নেটওয়ার্কের বাইরে ছিলেন বলেও জানান। সৌদি আরবে পৌঁছানোর পর বিষয়টি জানতে পারলেও উমরাহ পালন ও সফরের ব্যস্ততায় বিস্তারিত মনোযোগ দিতে পারেননি বলে উল্লেখ করেন তিনি।



