মালয়েশিয়ায় উৎসবমুখর ঈদুল আজহা উদযাপন, জাতীয় মসজিদে হাজারো মুসল্লির অংশগ্রহণ

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে মালয়েশিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী কুয়ালালামপুরের জাতীয় মসজিদসহ বিভিন্ন মসজিদে সকাল থেকেই ঈদের জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ পরিবেশে পুরো দেশজুড়ে পালিত হয় ঈদের প্রধান আনুষ্ঠানিকতা। প্রবাসী বাংলাদেশিরাও ব্যাপক সংখ্যায় এতে অংশ নেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
বুধবার (২৭ মে) মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল ৮টায় কুয়ালালামপুরের মসজিদ নেগারায় দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মুসল্লিদের পাশাপাশি বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিও অংশ নেন।
ঈদের নামাজের আগে পুরো মসজিদ প্রাঙ্গণ তাকবির ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। নামাজ শেষে খুতবায় আত্মত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ঈদুল আজহার প্রকৃত শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
খুতবায় বলা হয়, কোরবানির মূল শিক্ষা শুধু পশু জবাই নয়; বরং মানুষের ভেতরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর করাই এর আসল উদ্দেশ্য।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিতে জাতীয় মসজিদ প্রাঙ্গণ এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ মসজিদেও একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-
- মসজিদ নেগারা (জাতীয় মসজিদ), কুয়ালালামপুর
- হাং তুয়া মসজিদ আল বুখারী
- মসজিদ জামেক
- পুত্রা মসজিদ
- তিতিওয়াংসা সুরাও বায়তুল মোকাররাম
- কোতারায়া বাংলা মসজিদ
- সুবাংজায়া বাংলা মসজিদ
- ক্লাং, পেনাং, সুঙ্গাই ভুলু, সেলায়ং পাছার, পুচং, মালাক্কা ও জহোরবারু এলাকার বিভিন্ন মসজিদ
এসব স্থানে প্রবাসী বাংলাদেশিরাও ঈদের নামাজ আদায় করেন এবং নামাজ শেষে অনেকে কোরবানির আনুষ্ঠানিকতায় অংশ নেন।
এদিকে পুত্রা মসজিদে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্ত্রী আজিজাহকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কুশলাদি আদান-প্রদান করেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
ঈদ উপলক্ষে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মনজুরুল করিম খান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানান।
মুসল্লিরা আশা প্রকাশ করেন, ঈদুল আজহা বিশ্ব মুসলিম উম্মাহর মধ্যে ত্যাগ, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ আরও শক্তিশালী করবে।



