রাজধানীতে হঠাৎ মেট্রোরেল চলাচল বন্ধ!

রাজধানীতে মেট্রোরেলের চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লাইনে একটি বিড়াল ঢুকে পড়ায় নিরাপত্তাজনিত কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কোন স্টেশন বা লাইনের ঠিক কোন অংশে বিড়ালটি প্রবেশ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। সেবা বন্ধ থাকায় অনেক যাত্রী বিকল্প পরিবহন ব্যবহার করতে স্টেশন ত্যাগ করেন। একই সঙ্গে নতুন যাত্রীদের স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, যারা আগে থেকেই টিকিট কেটে স্টেশনে অপেক্ষা করছিলেন, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
মেট্রোরেলের এক কর্মকর্তা জানান, স্টেশন এলাকায় একটি বিড়াল ঢুকে পড়ায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, “নিরাপত্তাজনিত ঝুঁকি পুরোপুরি দূর হওয়ার পরই মেট্রোরেল চলাচল পুনরায় শুরু করা হবে। তবে সেবা স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।”
এ ঘটনায় সাময়িক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



