রাজনীতি থেকে অবসরের গুঞ্জন নাকচ করলেন শেখ হাসিনা!

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেওয়ার গুঞ্জন নাকচ করেছেন। তিনি বলেছেন, দলের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে রেখে তিনি বিশ্রামে যেতে পারেন না।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, দেশে গণতন্ত্র সংকটে রয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে তার দাবি। এমন পরিস্থিতিতে রাজনীতি ছেড়ে অবসরে যাওয়ার প্রশ্নই আসে না।
২০২৪ সালের জুলাই-আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে তার ছেলে সজিব ওয়াজেদ জয় বলেছিলেন, সাম্প্রতিক ঘটনাবলিতে হতাশ হয়ে শেখ হাসিনা আর রাজনীতি করবেন না। তবে এবার সেই ধারণা সরাসরি নাকচ করলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরি করে, মুক্তিযুদ্ধের চেতনা ও ভবিষ্যৎ অগ্রযাত্রা নিশ্চিত করার পরই তিনি অবসরের কথা ভাববেন।
দলের ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। কাউন্সিলের মাধ্যমে এবং নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
তবে তিনি স্বীকার করেন, আওয়ামী লীগ বর্তমানে একটি ‘প্রাকৃতিক শুদ্ধিকরণ প্রক্রিয়ার’ মধ্য দিয়ে যাচ্ছে।
দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, জনগণের শক্তিতে বলীয়ান হয়ে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এবং দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি দেশে ফিরতে চান।
উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনা ভারতের অবস্থান করছেন। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একাধিকবার আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



