রাজ্যসভার পদত্যাগ নিয়ে বিতর্ক, কোয়েলকে ভুল সিঁড়িতে পা দেওয়া মন্তব্য রুদ্রনীলের

রাজ্যসভার সদস্যপদ থেকে অভিনেত্রী কোয়েল মল্লিক–এর আকস্মিক পদত্যাগ ঘিরে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য রুদ্রনীল ঘোষ। তার মতে, কোয়েল হয়তো এমন একটি পথে এগিয়েছিলেন, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন কোয়েল মল্লিক। কিন্তু মাত্র ৬৬ দিনের মাথায়, শুক্রবার (১২ জুন) তিনি পদত্যাগ করেন। তার এই আকস্মিক সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
শনিবার (১৩ জুন) ‘আবার হাওয়া বদল’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে নিজের মতামত জানান রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, কোয়েল একজন ভদ্র ও সজ্জন মানুষ। তার ভাষায়, “মানুষের জানা-অজানার মাঝখানে অনেক সময় কিছু সিঁড়ি থাকে। হতে পারে তিনি ভুল সিঁড়িতে পা দিয়েছিলেন, পরে বুঝতে পেরেছেন এটি তার জন্য সঠিক পথ নয়।”
রুদ্রনীল আরও বলেন, কোয়েল একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং তিনি নিজের সিদ্ধান্ত নিজেই নিয়েছেন, তাই সেটিকে সম্মান করা উচিত। তিনি ব্যক্তিগতভাবে কোয়েলকে একজন রুচিশীলা ও গুণী মানুষ হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে নিজের সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল ঘোষ অতীতের নানা প্রতিবন্ধকতার কথাও তুলে ধরেন। তার দাবি, ‘আবার হাওয়া বদল’ ছবিটি ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা থাকলেও তা নানা কারণে সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, যারা ছবিটির মুক্তি আটকে রেখেছিল, সময়ের সঙ্গে সঙ্গে তারা এখন প্রভাব হারিয়েছে। তার মতে, সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকদের সামনে এসেছে এবং এটি দর্শকদের মন ভালো করার মতো একটি কাজ হবে।
অনুষ্ঠানে রাজনৈতিক প্রসঙ্গেও মন্তব্য করেন রুদ্রনীল। তৃণমূল নেতা কুণাল ঘোষ–কে নিয়ে রসিকতা করে তিনি বলেন, তার বক্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয় এবং তিনি নিজেও অনেক সময় বিস্মিত হন।
এছাড়া সাম্প্রতিক ‘ডিম-রাজনীতি’ নিয়েও মন্তব্য করে তিনি ডিম অপচয়ের বিরোধিতা করেন এবং বলেন, এগুলো খাদ্য হিসেবে ব্যবহার করা উচিত, নষ্ট করা উচিত নয়।
কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে এখনো তার পক্ষ থেকে কোনো বিস্তারিত ব্যাখ্যা না এলেও রুদ্রনীলের মন্তব্য নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি করেছে।



