রংপুর-দিনাজপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার হাজীপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনা শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে খারুভাজ ব্রিজের পশ্চিম পাশে ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চগড় থেকে রংপুরগামী একটি পাথরবোঝাই ট্রাক মহাসড়ক দিয়ে আসছিল। একই সময়ে রংপুর থেকে সৈয়দপুরমুখী ইউরিয়া সারবোঝাই একটি বিআরটিসি ট্রাক বিপরীত দিক থেকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে ট্রাক দুটি হাজীপুর এলাকার খারুভাজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় দুই ট্রাকের সামনের কেবিন দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাথরবোঝাই ট্রাকের চালক ইদ্রিস আলী (৩৫) নিহত হন। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলুলী গ্রামের মৃত রহিদুল ইসলামের ছেলে। অপরদিকে ইউরিয়া সারবোঝাই বিআরটিসি ট্রাকের চালকও ঘটনাস্থলেই মারা যান। তবে দুর্ঘটনার পরপরই তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় পাথরবোঝাই ট্রাকের হেলপার আরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হন। স্থানীয়রা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধারের পর প্রথমে আরিফুলকে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুর্ঘটনাকবলিত দুই ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, “ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হয়েছেন এবং একজন হেলপার গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”



