রেল নেটওয়ার্কে যুক্ত হচ্ছে আরও ১০ জেলা, ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা!

দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণের ঘোষণা এসেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী আরও ১০টি জেলা শিগগিরই রেল নেটওয়ার্কের আওতায় আসছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে দক্ষিণাঞ্চল ও ঢাকার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় রেলসেবা পৌঁছানোর পথ খুলছে। পাশাপাশি দেশের সব জেলাকে ধাপে ধাপে রেল নেটওয়ার্কের আওতায় আনার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি জেলাকে পর্যায়ক্রমে রেল নেটওয়ার্কের আওতায় আনা, যাতে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, দ্রুত ও আধুনিক হয়।
সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন করে যে ১০টি জেলায় রেল যোগাযোগ সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলো হলো— শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং লক্ষ্মীপুর। এসব এলাকায় রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই ও প্রকল্প প্রণয়নের কাজ শুরু হয়েছে।
মন্ত্রী আরও জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রেল মন্ত্রণালয়ের চলমান প্রকল্প, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সেবার মানোন্নয়ন নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করা হয় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেওয়া হয়।
তিনি বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে একাধিক বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে আখাউড়া–সিলেট এবং সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন প্রকল্প। পাশাপাশি ধীরাশ্রমে একটি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্প ইতোমধ্যে অনুমোদন পেয়েছে, যা পণ্য পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
এছাড়া ঢাকা–চট্টগ্রাম রুটে মিটারগেজ ও ব্রডগেজ অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। টঙ্গী–আখাউড়া এবং লাকসাম–সিলেট অংশে বিদ্যমান ‘মিসিং লিংক’ দূর করতে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা–কুমিল্লা কর্ড লাইনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং দ্রুত প্রকল্প গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বর্তমানে দেশের ৪৯টি জেলার সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। সরকারের লক্ষ্য অনুযায়ী দেশের ৬৪টি জেলার সবগুলোকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে। নতুন ১০ জেলায় রেল সংযোগ সম্প্রসারণ সেই বৃহৎ পরিকল্পনারই অংশ।



