লন্ডনে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, পুলিশি নিরাপত্তায় শেষ হলো কর্মসূচি

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি রাজনৈতিক সভায় যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, বাগ্বিতণ্ডা এবং হাতাহাতির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ পুলিশ মোতায়েন করা হয় এবং পরে কঠোর নিরাপত্তার মধ্যেই হাসনাত আবদুল্লাহ নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন।
সোমবার (১৫ জুন) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকায় এই ঘটনা ঘটে। সেখানে ইস্ট লন্ডন মসজিদ সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্সের আয়োজনে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল হাসনাত আবদুল্লাহর।
স্থানীয় সূত্রে জানা যায়, সভাকে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার কিছু নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ পার্ক এলাকার ভেতর দিয়ে হাঁটার সময় কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম ছোড়া হয়। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা বিলম্বে কর্মসূচি শুরু হয়। পরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
ঘটনার পর এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে এ হামলার নিন্দা জানিয়ে এটিকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দাবি, রাজনৈতিক মতপার্থক্যের নামে ভয়ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি এখনো বন্ধ হয়নি। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এদিকে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বিদেশের মাটিতে এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে।



