শিক্ষকদের ঈদ বোনাস অ্যাকাউন্টে জমা শুরু, কবে পাবেন পুরো অর্থ জানাল মাউশি

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে উৎসব ভাতা বিতরণ শুরু হয়েছে। আজ থেকেই ধাপে ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই অর্থ জমা হচ্ছে এবং আগামী বুধবারের মধ্যে দেশের সব শিক্ষক-কর্মচারী ঈদ বোনাস পেয়ে যাবেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে মাউশির একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে নির্ধারিত অনুদান বণ্টনকারী ব্যাংকগুলোতে উৎসব ভাতার অর্থ পাঠানো হয়েছে। এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলো শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা স্থানান্তরের কাজ শুরু করেছে।
এর ফলে আগামী বুধবারের মধ্যেই দেশের সব এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর অ্যাকাউন্টে ঈদুল আজহার উৎসব ভাতার অর্থ পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত রোববার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ উৎসব ভাতা সংক্রান্ত একটি প্রস্তাব চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। প্রস্তাব অনুযায়ী, এবার মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় রয়েছেন।
মাউশির তথ্য অনুযায়ী, এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলের ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং বিভিন্ন কলেজের ৮৭ হাজার ৯২৫ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো উৎসব ভাতা বিতরণ শিক্ষকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে এবং ঈদের প্রস্তুতিকে আরও সহজ করবে।



