শিশুর বুদ্ধি ও সাহসিকতায় রক্ষা পেল বৃদ্ধার জীবন!

পিরোজপুরের ভারানি খালে ভেসে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ১২ বছর বয়সী মারিয়া। বুধবার (১৭ জুন) বিকেলে পিরোজপুর পৌরসভার শেখপাড়া (বসন্তপুল) এলাকায় এ ঘটনা ঘটে। চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থীর সাহসিকতা ও মানবিকতায় প্রাণে বেঁচে যান প্রায় ৭৫ বছর বয়সী বিমলা শিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তপুল এলাকার ভারানি খালে ভেসে আসতে দেখা যায় এক বৃদ্ধাকে। হঠাৎ খালের দিকে তাকিয়ে মারিয়া দেখতে পায় একজন নারী পানিতে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে সে খালে নেমে বৃদ্ধার মাথা ধরে উপরে তোলে এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে পরিবারের সদস্যরা বৃদ্ধার ভেজা কাপড় পরিবর্তন করে খাবারের ব্যবস্থা করেন এবং তার পরিচয় জানার চেষ্টা করেন।
তবে বৃদ্ধা নিজের পরিচয় বা পরিবারের ঠিকানা স্পষ্টভাবে বলতে না পারায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মারিয়া ও তার পরিবার। পরে স্থানীয় গণমাধ্যমে খবর প্রচার হলে পিরোজপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্তের উদ্যোগ নেন। তারা পুলিশ ও প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। এরপর পুলিশ, ছাত্রদল এবং স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরে জানা যায়, উদ্ধার হওয়া বৃদ্ধার নাম বিমলা শিকদার (৭৫)। তিনি পিরোজপুর শহরের পালপাড়া এলাকার মৃত রতন শিকদারের মা। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার নাতি জয় ও পরিবারের সদস্যরা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মারিয়া জানায়, খালে একজন মানুষকে পড়ে থাকতে দেখে সে ভয় না পেয়ে সাহায্যের জন্য এগিয়ে যায়। অন্যদিকে মারিয়ার মা বলেন, বৃদ্ধার কোনো স্বজন না থাকলে তিনি নিজেই তার দেখাশোনা করতেন। ছোট্ট মারিয়ার এই মানবিকতা ও সাহসিকতা ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।



