শহীদের সন্তান দাবি করা জামায়াত এমপির বাবা জীবিত!

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ দাবি করে সমালোচনার মুখে পড়েছেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সমর্থিত সংসদ সদস্য আব্দুল মুনতাকিম।
রোববার (১৪ জুন) সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি দাবি করেন, তাদের পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বলেন, তার বাবাদের সাত ভাইয়ের মধ্যে চারজন মুক্তিযোদ্ধা ছিলেন, দাদাদের মধ্যে ১১ জন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং তার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তার বাবা ও দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন।
তবে তার নির্বাচনি হলফনামা অনুযায়ী, আব্দুল মুনতাকিমের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি, যা মুক্তিযুদ্ধের প্রায় এক দশক পর। এছাড়া তার বাবা আব্দুল কাদের সৈয়দী ও মা মোসলমান বেগম বর্তমানে জীবিত রয়েছেন। বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।
পরে এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম বলেন, সংসদ অধিবেশনের সময় তিনি অসুস্থ ছিলেন এবং প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিলেন। সে কারণে বক্তব্য দেওয়ার সময় ভুল করে ফেলেছেন। তিনি জানান, তার বাবা জীবিত আছেন। মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার দাদা ও চাচা।
বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, সংসদে ভুল কিছু বলে থাকলে দেশের মানুষের কাছে তিনি ক্ষমাপ্রার্থী।



