সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থিত আল মদিনা শপিংমলে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও প্রাথমিকভাবে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই শপিংমলের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে, এতে দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। শপিংমলের বেসমেন্টে থাকা বৈদ্যুতিক মিটার এবং দোকানগুলোর বৈদ্যুতিক সরঞ্জামাদি আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে শপিংমলের দোকান মালিক ও ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোগও উঠেছে। কিছু দোকান মালিক দাবি করছেন, মালিকপক্ষ ইচ্ছাকৃতভাবে দোকানদারদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। তবে শপিংমল কর্তৃপক্ষ এসব অভিযোগ নাকচ করে দিয়ে জানিয়েছে, এটি সম্পূর্ণ দুর্ঘটনা এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটলেও ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটনের কথা জানিয়েছে।



