স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল জামায়াত এমপিরা-রাশেদ খাঁনের ফেসবুক মন্তব্যে আলোচনা

সংসদে জামায়াতে ইসলামীর এমপিদের পারফরম্যান্স ও রাজনৈতিক প্রস্তুতি নিয়ে বিএনপি নেতা রাশেদ খান -এর ফেসবুক পোস্টকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। তার দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীর কিছু “কোর্সের বাইরে” বক্তব্যের কারণে জামায়াতের সংসদ সদস্যরা বিভ্রান্ত হয়েছেন এবং তাদের প্রশিক্ষণ কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
বুধবার (১০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খান এ মন্তব্য করেন। সেখানে তিনি সংসদীয় কার্যক্রমে জামায়াতে ইসলামীর এমপিদের প্রস্তুতি ও প্রশ্নোত্তর পর্বে তাদের পারফরম্যান্স নিয়ে ব্যঙ্গাত্মকভাবে নানা কথা উল্লেখ করেন।

পোস্টে তিনি দাবি করেন, গত অধিবেশনে দুর্বল পারফরম্যান্সের কারণে জামায়াতের এমপিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এমনকি ইসলামি ব্যাংকসহ বিভিন্ন বিষয়ে তাদের আলাদা প্রশিক্ষণ দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন। তবে সংসদে এসে প্রশ্নের ধরন “অপ্রত্যাশিত” হওয়ায় সেই প্রস্তুতি কাজে লাগেনি বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খান আরও লেখেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কোর্সের বাইরের মতো বক্তব্য দিলে জামায়াতের এমপিরা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। এতে তাদের দীর্ঘ প্রশিক্ষণও কার্যত অকার্যকর মনে হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, জামায়াতের এমপিদের উচিত আরও রাজনৈতিক প্রশিক্ষণ নেওয়া, যাতে তারা সংসদে আরও কার্যকরভাবে ভূমিকা রাখতে পারেন। তার মতে, শক্তিশালী বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনে দক্ষতা বাড়ানো জরুরি, নাহলে সংসদীয় কার্যক্রমে ভারসাম্য নষ্ট হতে পারে।
পোস্টের শেষ অংশে তিনি বলেন, শেখার কোনো শেষ নেই এবং রাজনৈতিক অঙ্গনে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামীর সংসদীয় ভূমিকা আরও শক্তিশালী হোক, যাতে বিরোধী রাজনীতি কার্যকর হয় এবং সংসদে ভারসাম্য বজায় থাকে।



