হজের উদ্দেশ্যে সৌদিতে পৌঁছেছেন ৭৫ হাজারের বেশি বাংলাদেশি, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পবিত্র হজ পালনের জন্য চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় একের পর এক ফ্লাইটে সৌদিতে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইতোমধ্যে হজের মূল আনুষ্ঠানিকতা ঘিরে মক্কা ও মদিনায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বৃহস্পতিবার (২১ মে) ঢাকা হজ অফিসের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৯৪টি ফ্লাইটে বাংলাদেশি হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে সৌদিতে গেছেন ৩৮ হাজার ৪০১ জন হজযাত্রী। অন্যদিকে সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে পৌঁছেছেন ২৬ হাজার ৯৮১ জন এবং ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে গেছেন আরও ১০ হাজার ১৪৮ জন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩ জন মক্কায় এবং ৫ জন মদিনায় ইন্তেকাল করেছেন।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে আগামী ১ জুলাই পর্যন্ত।
প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মুসল্লি হজ পালনের জন্য সৌদি আরবে গেছেন। ইতোমধ্যে মক্কা ও মদিনায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসন, চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



