হাবিপ্রবিতে সংঘর্ষের ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, হল ছাড়ার নির্দেশ

হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ৩১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে অনিবার্য কারণ দেখিয়ে বিদেশি শিক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে হামলা, ভাঙচুর এবং সহিংসতার ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শহীদ নূর হোসেন হলে অতর্কিত হামলা চালায়। এ সময় হলে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা হলের নামাজ ঘর, আসবাবপত্র, সিসি ক্যামেরাসহ বিভিন্ন সরকারি সম্পত্তি ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় সহকারী প্রক্টরসহ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন। ঘটনার পর পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে প্রাথমিক তদন্তে ৩১ জন শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অব স্টুডেন্ট ডিসিপ্লিনের ১৪ ও ১৫ ধারায় অনৈতিক কার্যকলাপ, আইনশৃঙ্খলা ভঙ্গ এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের আবাসন ও শৃঙ্খলা বোর্ডের ২৭তম সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. এনামউল্যার নির্দেশক্রমে রেজিস্ট্রার প্রফেসর ড. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার (২২ মে) বিকেল ৪টার মধ্যে বিদেশি শিক্ষার্থী ছাড়া সব শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



