হামের রোগীদের জন্য ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য

রাজধানীতে দিন দিন বাড়ছে হামের সংক্রমণ। বিশেষ করে শিশুদের মধ্যে এই ভাইরাসজনিত রোগের প্রকোপ বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের দ্রুত হাসপাতালে আনার সুবিধার্থে মানবিক উদ্যোগ নিয়েছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার রোগীরা ব্যবহার করতে পারবেন।
বৃহস্পতিবার (২১ মে) এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে গণস্বাস্থ্য নগর হাসপাতাল জানায়, হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা ও নিরাপদ ব্যবস্থাপনার জন্য হাসপাতালে বিশেষ আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি রোগীদের দ্রুত হাসপাতালে আনা-নেওয়ার জন্য স্বল্পমূল্যে অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হামের মতো সংক্রামক রোগের ক্ষেত্রে দ্রুত চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবার পরিবহন সংকট বা অতিরিক্ত খরচের কারণে সময়মতো হাসপাতালে যেতে পারে না। সেই বিষয়টি বিবেচনায় রেখেই এই বিশেষ সেবা চালু করা হয়েছে।
গণস্বাস্থ্য নগর হাসপাতালের বিজ্ঞপ্তিতে অভিভাবকদের প্রতি সতর্কবার্তা দিয়ে বলা হয়, কোনো শিশুর মধ্যে হামের লক্ষণ দেখা দিলে তাকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আক্রান্ত শিশুকে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।
চিকিৎসকদের মতে, হামের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া এবং দুর্বলতা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে এই রোগ মারাত্মক জটিলতা তৈরি করতে পারে। তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।
গণস্বাস্থ্য নগর হাসপাতাল জানিয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের যেকোনো এলাকা থেকে হামের রোগীদের মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে আনা-নেওয়া করা হবে। সেবা নিতে হাসপাতালের নির্ধারিত নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
বর্তমানে রাজধানীতে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য কম খরচে এমন স্বাস্থ্যসেবা বড় স্বস্তি এনে দেবে বলেও মনে করছেন অনেকে।



