হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে নতুন ফিচার: ২৪ ঘণ্টা পরও থাকবে ব্যক্তিগত আর্কাইভে সংরক্ষণের সুবিধা

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার স্ট্যাটাস ব্যবহারে আনছে নতুন সুবিধা। নতুন ফিচার চালু হলে ২৪ ঘণ্টা পর মুছে যাওয়া স্ট্যাটাস আর হারিয়ে যাবে না, বরং স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত আর্কাইভে সংরক্ষিত থাকবে। ফলে ব্যবহারকারীরা চাইলে পরবর্তীতে পুরোনো স্ট্যাটাস আবারও দেখতে বা শেয়ার করতে পারবেন।
বর্তমানে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস পোস্ট করার ২৪ ঘণ্টা পর সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এবং পুনরায় দেখা সম্ভব হয় না। তবে নতুন আপডেটে এই নিয়মে বড় পরিবর্তন আসছে। ব্যবহারকারীদের জন্য এমন একটি সুবিধা যোগ করা হচ্ছে, যেখানে স্ট্যাটাস নিজে থেকেই একটি প্রাইভেট আর্কাইভে জমা থাকবে।
প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপ ইতোমধ্যে এই ফিচারের পরীক্ষামূলক সংস্করণ (বেটা ভার্সন) কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করেছে। ফলে সীমিত সংখ্যক ব্যবহারকারী এখনই এই নতুন সুবিধা ব্যবহার করতে পারছেন।
নতুন এই ফিচারের সবচেয়ে বড় সুবিধা হলো, স্ট্যাটাস আলাদাভাবে ডাউনলোড বা ম্যানুয়ালি সংরক্ষণ করার প্রয়োজন হবে না। নির্ধারিত সময় শেষ হওয়ার পর এটি স্বয়ংক্রিয়ভাবে আর্কাইভে যুক্ত হবে এবং ভবিষ্যতে ব্যবহারকারীরা সহজেই সেটি পুনরায় ব্যবহার করতে পারবেন।
গোপনীয়তা রক্ষার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব দিয়েছে হোয়াটসঅ্যাপ। আর্কাইভে সংরক্ষিত স্ট্যাটাস সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে এবং কেবলমাত্র যিনি পোস্ট করেছেন, তিনিই তা দেখতে পারবেন। অন্য কেউ, এমনকি যারা আগে দেখেছিলেন, তারাও পরে সেই স্ট্যাটাস দেখতে পারবেন না।
এই ফিচার ব্যবহারের জন্য হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে স্টোরেজ অ্যান্ড ডেটা” বিভাগে প্রবেশ করতে হবে। সেখানে “স্ট্যাটাস আর্কাইভ” নামে একটি অপশন থাকবে, যা চালু করলে ভবিষ্যতের সব স্ট্যাটাস স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে।
সংরক্ষিত স্ট্যাটাস দেখতে হলে ব্যবহারকারীকে “আপডেটস” ট্যাবে গিয়ে উপরের তিন ডট মেনুতে ক্লিক করতে হবে। এরপর “স্ট্যাটাস আর্কাইভ” অপশন থেকে পুরোনো স্ট্যাটাসগুলো দেখা যাবে।
বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে থাকায় শুধু নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড বেটা ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারছেন। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি আরও বিস্তৃতভাবে সবার জন্য উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



